বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রশাসনের সব স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে হবে এবং প্রশাসনিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করতে হবে। পাশাপাশি নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে প্রধান বিবেচ্য হিসেবে অনুসরণ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে সরকারি সেবাকে আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তর কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সেবা প্রদানকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর নজরদারির নির্দেশনাও দেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ