পুলিশের বহরে যুক্ত হচ্ছে ২১২ নতুন ডাবল কেবিন পিকআপ

বাংলাদেশ পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।
সভা সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন সংগ্রহ করা হবে। এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮২ কোটি ৩২ লাখ টাকার বিনিময়ে ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত টহল, অপরাধ দমন এবং জরুরি অভিযান পরিচালনায় পুলিশের যানবাহন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পিকআপগুলো যুক্ত হলে দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।