৫-৭ দিনের মধ্যেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট আদালতের ছুটি বাতিলের বিষয়ে প্রধান বিচারপতি চিন্তা করছেন এবং আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। সব মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে কাজ করছে।
এ সময় তিনি সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ।