বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ঈদযাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালুর ঘোষণা

ঈদযাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালুর ঘোষণা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগামীকাল থেকে ৫ জোড়া বা মোট ১০টি বিশেষ ট্রেন চালু করা হবে। তিনি জানান, রেলওয়ে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও যাত্রীসেবা স্বাভাবিক ও নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। ঈদ উপলক্ষে এই সংখ্যা প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে লাখো মানুষের চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা এখনো সীমিত, যা ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী ট্রেন, কোচ ও লোকোমোটিভ বাড়ানোর কাজ চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, যাতে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

স্টেশন নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, কিছু স্টেশন এখনো পুরোপুরি নিরাপদভাবে ঘেরা যায়নি এবং প্রবেশ নিয়ন্ত্রণ পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।

ট্রেন চলাচলে সাম্প্রতিক কিছু বিলম্বের বিষয়ে তিনি বলেন, সকাল থেকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলেছে। একটি ট্রেনে হুইল স্লিপের কারণে সমস্যা হয়, যেখানে রিলিফ টিম দ্রুত ব্যবস্থা নেয়। এর ফলে কিছু ট্রেন ২০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়।

তিনি দাবি করেন, এবার টিকিট ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা সিন্ডিকেট হয়নি। অনলাইন ভিত্তিক টিকিট বিক্রির মাধ্যমে সুষ্ঠুভাবে যাত্রীদের টিকিট দেওয়া সম্ভব হয়েছে এবং সার্বিক সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ