ডিবি পুলিশের পরিচয়ে অয়ন রহমানকে নিয়ে যাওয়ার দাবি পরিবারের

ঝিনাইদহে যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিক থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসাধীন বাবার পাশে ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন রহমান। এ সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে যান।
অয়নের বোন জেরিন আখি জানান, রাত সাড়ে ১১টার দিকে তার ভাইকে ক্লিনিক থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে পরিবারের সদস্যরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নন।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়েছিল। ছাত্রদলের নেতাদের করা ওই মামলায় এনসিপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।
এদিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তিনি দাবি করেন, তাদের দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।