বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানি শুরু

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানি শুরু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ লক্ষ্যে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির মূল্য সমন্বয় প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দুই দিনব্যাপী এই গণশুনানির কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, বিভিন্ন বিতরণ কোম্পানি আলাদা আলাদা হারে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ডিপিডিসি ৬.৯৬ শতাংশ, ডেসকো ৯.৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫.৯৩ শতাংশ, নেসকো ৪.১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০.১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করেছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ের বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা, ছয়টি বিতরণ কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় বেড়েছে। এই ঘাটতি পূরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে দাম সমন্বয় করা জরুরি বলে তারা দাবি করছে।

দেশের বিদ্যুৎ বিতরণ খাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কাজ করছে।

এর আগে বুধবার (২০ মে) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম নিয়ে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ