বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা ডিএমপি কমিশনারের

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা ডিএমপি কমিশনারের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করবে পুলিশ এবং অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।

বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

ডিএমপি কমিশনার বলেন, প্রায় তিন কোটি মানুষের নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব নিয়ন্ত্রণে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, সাইবার অপরাধ দমনে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। ডিবি কার্যালয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাব ইতোমধ্যে আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সংক্রান্ত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীর যানজট কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ই-প্রসিকিউশন ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি জানান, নাগরিকদের জন্য অনলাইনে জিডি করার সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেমের মতো সেবাও চালু রয়েছে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিং মল, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ছিনতাই, অজ্ঞান পার্টি, জাল নোট চক্রসহ অপরাধ দমনে বিশেষ নজরদারি থাকবে।

তিনি নাগরিকদের বড় অঙ্কের লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান এবং ৯৯৯-এ দ্রুত তথ্য দেওয়ার পরামর্শ দেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশের নয়, নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ