বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি বিমান প্রতিমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি বিমান প্রতিমন্ত্রীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এলাকার উন্নয়নে জনগণকে আস্থা রাখার আহ্বান জানানোর পাশাপাশি বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকায় যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি শুধু একটি সেতু নয়, বরং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতুটি বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, সেতুর রুট নির্ধারণ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কেউ কেউ বিকল্প রুটের প্রস্তাব দিচ্ছেন, তবে আমরা বালাসী-বাহাদুরাবাদ রুটেই সেতুটি বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাব।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি অনুরোধ জানিয়ে হলেও এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের উদ্দেশে প্রতিমন্ত্রী দোয়া কামনা করে বলেন, দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব।

এ সময় তিনি বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, মানুষের যাতায়াত সহজ করতে এ সড়ক উন্নয়নের কাজও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ