গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী

বিরোধী দলের সমালোচনা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা যেমন প্রয়োজন, তেমনি তা হতে হবে দায়িত্বশীল ও ইতিবাচক।
শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার (৯ মে) অনুষ্ঠেয় এই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।
রিজভী জানান, সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সারাদেশের নেতারা সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতামত তুলে ধরবেন।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ রয়েছে। এসব বিষয় নিয়েও আলোচনা হবে।
গণতন্ত্র ও বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, “গণতন্ত্র মানে সরকার তার দায়িত্ব পালন করবে, আর বিরোধী দল তার গঠনমূলক সমালোচনা করবে। সমালোচনা যদি সত্যনিষ্ঠ হয়, তাহলে তা রাষ্ট্রকে আরও শক্তিশালী করে।”
তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য মিথ্যা প্রচারণা চালানো গণতান্ত্রিক রাজনীতির অংশ নয়, বরং তা ষড়যন্ত্রের পর্যায়ে পড়ে। জনগণই শেষ পর্যন্ত সবকিছুর মূল্যায়ন করবে এবং আগামী নির্বাচনে তারাই সিদ্ধান্ত নেবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।