কুমিরের পেটে হোটেল ব্যবসায়ী! উদ্ধার হলো ৬ জোড়া জুতা

দক্ষিণ আফ্রিকার কোমাতি নদীতে নিখোঁজ হওয়া এক হোটেল মালিকের দেহাবশেষ একটি বিশাল কুমিরের পেট থেকে উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকারী দলের অভিযানে সামনে আসে এই ভয়াবহ তথ্য।
নিহত গ্যাব্রিয়েল বাতিস্তা (৫৯) স্থানীয়ভাবে পরিচিত একজন হোটেল ব্যবসায়ী ছিলেন। গত সপ্তাহে আকস্মিক বন্যার পানিতে ভেসে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে কুমিরে ভরা কোমাতি নদীতে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
তল্লাশির একপর্যায়ে উদ্ধারকারীরা প্রায় ১৫ ফুট দীর্ঘ একটি কুমিরকে অস্বাভাবিকভাবে নিশ্চল অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় হেলিকপ্টারের সাহায্যে প্রাণীটিকে নদী থেকে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত খাবার খাওয়ার কারণে কুমিরটি এত ভারী হয়ে পড়েছিল যে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিল না।
পরে কুমিরটিকে মেরে তার পেট পরীক্ষা করলে ভেতর থেকে দুটি বিচ্ছিন্ন হাত, পাঁজরের হাড়ের অংশ এবং কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, এসব দেহাংশ নিখোঁজ বাতিস্তার হতে পারে।
ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে কুমিরটির পেট থেকে উদ্ধার হওয়া ছয় জোড়া জুতা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুতাগুলো বাতিস্তার নয়। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, কুমিরটি হয়তো আরও কয়েকজন মানুষের ওপর হামলা চালিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। একই সঙ্গে ওই এলাকায় আরও বড় ও বিপজ্জনক কুমির থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট