‘রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’, রবীন্দ্রজয়ন্তীতে মির্জা ফখরুলের আক্ষেপ

রাজনীতিতে এখনো সৌন্দর্য ও পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বহু আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পরও দেশে প্রত্যাশিত পরিবর্তন পুরোপুরি আসেনি।
শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা রাজনীতি করি, দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে আছি। কিন্তু আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না। মানুষ বারবার পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি আসেনি।”
তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কিছু মহল নানা ইস্যুতে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আমরা চাই না দেশে আর কোনো অস্থিরতা তৈরি হোক।”
রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম ও দর্শনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, কবিগুরু শুধু সাহিত্যেই সীমাবদ্ধ ছিলেন না, কৃষক ও গ্রামীণ সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কৃষকদের সহায়তায় তিনি ব্যাংক প্রতিষ্ঠা এবং আধুনিক কৃষি পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছিলেন।
নিজের সাহিত্যপ্রেমের কথাও তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমি সাহিত্য ভালোবাসি, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য ভালোবাসি। যে মানুষ সাহিত্যচর্চা করে, গান শোনে বা কবিতা পড়ে, সে অবশ্যই ভালো মানুষ হয়ে ওঠে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র কোনোটিই সহজে আসেনি। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র ফিরে এসেছে। তাই জাতীয় পরিচয় ও মুক্তিযুদ্ধের চেতনাকে সবার আগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ। এতে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।