এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাতিল

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। ফলে ইসি তা গ্রহণ করেনি।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান জানান, নির্ধারিত সময়সীমা পেরিয়ে জমা দেওয়া কোনো মনোনয়নপত্র গ্রহণ করার সুযোগ নেই।
বুধবার (২২ এপ্রিল) ইসি ও এনসিপি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইসি ভবনে উপস্থিত থাকলেও বিলম্বের বিষয়ে কোনো মন্তব্য করেননি নুসরাত তাবাসসুম। পরে এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, তারা মনোনয়নপত্র জমা দিয়ে একটি রিসিভ কপি নিয়েছেন, যেখানে ‘১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো’ উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, এর আগে একই আসনে এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্থগিত করা হয়। তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রমাণ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।