সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই মাস বাড়িয়েছে আদালত। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২১ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত অগ্রগতির বিষয় তুলে ধরে বলেন, গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় তিনি আরও দুই মাস সময় প্রার্থনা করেন।

এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

মামলার বিবরণে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালীন গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় গুলিতে চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন।

এর মধ্যে আল আসাদ আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন