টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: চালক -হেলপার নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, সকালে গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধারকাজে সহায়তা করার সময় বিদ্যুৎ নামে স্থানীয় এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন।
দুর্ঘটনার পর টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।