বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মোহাম্মদপুরে তিন দিনের ব্যবধানে আবারও হত্যাকাণ্ড

মোহাম্মদপুরে তিন দিনের ব্যবধানে আবারও হত্যাকাণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

নিহত আসাদুল হক বরিশালের গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, রাতে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগের দিকে যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় আসাদুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এডিসি জুয়েল রানা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের একটি সূত্রের তথ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ডে মুন্না, নয়ন ও মিরাজসহ আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাদকসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করছে পুলিশ।

এর আগে গত ১২ এপ্রিল একই এলাকায় প্রকাশ্যে এলেক্স ইমন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার রেশ না কাটতেই আবারও মোহাম্মদপুরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন