কূটনৈতিক ফোরামে যোগ দিতে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ফোরামে অংশ নিতে তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ছেড়েছেন।
সফরকালে ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গত মার্চের মাঝামাঝি সময়ে খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি সমর্থন আদায়ের উদ্দেশ্যে সেখানে যান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এই সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোগাড়ের বিষয়টিও গুরুত্ব পাবে।