নির্বাচনী ইশতেহারে সব শ্রেণি-পেশার জন্য পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহারে দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রাখা হয়েছে। শ্রমিক, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে, যা শুধু কৃষকদেরই নয় বরং গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষদেরও উপকারে আসবে। পাশাপাশি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও বাস্তবায়ন শুরু হয়েছে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সুফল বয়ে আনবে।
প্রধানমন্ত্রী জানান, সমাজে এমন অনেক পেশাজীবী রয়েছেন—যেমন ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা—যারা জীবনভর মানুষের সেবা দিয়ে আসছেন। তাদের সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পেশাদার খেলোয়াড় তৈরি করার উদ্যোগও নেওয়া হয়েছে। তরুণরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সেজন্য তাদের সহায়তা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হচ্ছে।
এদিকে তারেক রহমান দাবি করেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছে এবং তাদের লক্ষ্য দেশের মানুষের কল্যাণে কাজ করা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়নমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা অংশ নেন।