কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে লাগবে আরও কয়েক মাস

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শেষ হলেও সেখান থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড পূরণে বিভিন্ন প্রক্রিয়াও এখনো চলমান রয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) থেকে প্রয়োজনীয় সনদ পাওয়া গেছে, যা বিমানবন্দরটির আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালনার সক্ষমতা নিশ্চিত করে।
বড় আকারের (ওয়াইড-বডি) উড়োজাহাজ চলাচলের সুবিধার্থে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। সমুদ্রের দিকে এই সম্প্রসারণের ফলে বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যাত্রীসেবার মান উন্নত করতে ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের একটি আধুনিক আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী।
কারিগরি বিষয়গুলো নির্ভুলভাবে যাচাই করতেই কিছু অতিরিক্ত সময় লাগছে বলে তিনি উল্লেখ করেন। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী কয়েক মাসের মধ্যেই কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দেওয়ার এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।
সরকারের এই মেগা প্রকল্পটি এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সব অনুমোদন ও নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে বলে সংসদে জানানো হয়েছে।