আইপিএল ছেড়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার নিতিন মেনন

আইপিএলের ব্যস্ত সূচির মাঝেই আবারও আন্তর্জাতিক দায়িত্বে দেখা যাবে আইসিসি এলিট প্যানেলের ভারতীয় আম্পায়ার নিতিন মেননকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকলেও তিনি আসছেন বাংলাদেশে, আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করার জন্য।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় শুরু হওয়া সিরিজে নিতিন মেনন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ২০ এপ্রিল মিরপুরে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ২৩ এপ্রিল চট্টগ্রামে সিরিজের ম্যাচেও তিনি অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন। সিরিজ শেষে তিনি আবার নিজ দায়িত্বে ফিরে যাবেন।
এর আগে নিতিন মেনন বাংলাদেশে একাধিক দ্বিপক্ষীয় সিরিজে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজেও তিনি আম্পায়ারিং করেন। এছাড়া ২০২৩ বিশ্বকাপের আগে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন ম্যাচ পরিচালনার দায়িত্বে।
এদিকে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক কিছু ঘটনার পর দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে আইপিএলের ব্যস্ততা থাকা সত্ত্বেও একজন ভারতীয় এলিট আম্পায়ারের বাংলাদেশ সিরিজে অংশগ্রহণকে কূটনৈতিক ও ক্রীড়া অঙ্গনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে নিতিন মেননের সঙ্গে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। স্থানীয় আম্পায়ারদের মধ্যে সিরিজে থাকছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও মোরশেদ আলী খান।