এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

দীর্ঘদিনের প্রচলিত সুবিধা বাতিল করে এবার জাতীয় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিল রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়।
এদিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিল পাসের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল থ্রি-সি বিলুপ্ত হলো, যা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুযোগ প্রদান করত।
বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, “জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি সুবিধা গ্রহণ নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি সাধারণ করদাতা নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সংশোধনী আনা হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা জরুরি ছিল।
বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান বিলটি উত্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শুল্কমুক্ত গাড়ি নেওয়ার প্রথাটি সম্ভবত বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই।”
জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, তাদের দল আগেই ঘোষণা দিয়েছিল তারা শুল্কমুক্ত গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবে না।
জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্য ভিন্ন হলেও সরকারি বিল সংসদ নেতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে। তবে সংসদ নেতার সম্মতিতে বিরোধী দলের নেতার নাম বা ভূমিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই।
বিলটি পাসের মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের একটি বড় আর্থিক সুবিধার অবসান ঘটল।