ইয়ামালের ইতিহাস গড়া রাতে বার্সার বড় জয়

কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কাতালান ক্লাবটি এবং চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ৯ মিনিটেই ফেরান তোরেসের হেডে এগিয়ে যায় তারা। লামিনে ইয়ামালের কর্নার থেকে আসা নিখুঁত বলে গোল করেন তোরেস।
এরপর ২৫ মিনিটে ইয়ামালের দারুণ পাস ধরে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন ফেরান তোরেস। ম্যাচে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
এই ম্যাচে লামিনে ইয়ামাল আরও একটি মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৮ বছর ২৭২ দিন বয়সে তিনি বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েন। পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে এস্পানিওল একটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। এরিক গার্সিয়ার ব্লক থেকে ফিরে আসা বল থেকে গোল করেন পোল লোজানো।
তবে শেষদিকে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। প্রথমে ইয়ামাল নিজেই গোল করেন, এরপর ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ড ভলিতে গোল করে স্কোরলাইন ৪-১ করেন।
লিগে এখনও সাতটি ম্যাচ বাকি থাকলেও এই জয়ের পর শিরোপা ধরে রাখার পথে বড় সুবিধাজনক অবস্থানে রয়েছে কোচ হান্সি ফ্লিকের দল।