রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

শেষ মুহূর্তের নাটকীয়তা: এগিয়েও জয় ধরে রাখতে পারল না ইন্টার মায়ামি

শেষ মুহূর্তের নাটকীয়তা: এগিয়েও জয় ধরে রাখতে পারল না ইন্টার মায়ামি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেতে ব্যর্থ হয়েছে ইন্টার মায়ামি। শেষ মুহূর্তে গোল হজম করে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসিদের দল।

শনিবার ফ্লোরিডার নিজস্ব মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও জয় ধরে রাখতে পারেনি মায়ামি। ম্যাচের শেষদিকে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া হয় তাদের।

Inter Miami vs New York Red Bulls score ...

এর আগে অস্টিনের বিপক্ষেও একই ব্যবধানে (২-২) ড্র করেছিল ইন্টার মায়ামি। ফলে টানা দুই ম্যাচে একই স্কোরলাইনে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দলটিকে। সর্বশেষ জয় তারা পেয়েছিল ২২ মার্চ, নিউইয়র্ক সিটির বিপক্ষে ৩-২ গোলে।

নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ম্যাচে বল দখলে স্পষ্ট এগিয়ে ছিল ইন্টার মায়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে কম সুযোগ পেয়েও কার্যকর খেলেছে প্রতিপক্ষ।

ম্যাচের ১৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রেডবুলস। দ্রুতগতির আক্রমণ থেকে হোর্হে রুকালবা গোল করে দলকে লিড এনে দেন।

প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত সময়ে রদ্রিগো দি পলের বাড়ানো বল থেকে মাতেও সিলভেত্তি গোল করে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে হার্মান বারতারামির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে ম্যাচের শেষভাগে এসে আবারও ছন্দ হারায় মায়ামি। ৭৮ মিনিটে আদ্রি মেহমেতির গোলেই সমতায় ফেরে নিউইয়র্ক রেডবুলস। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ইন্টার মায়ামির। ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে দলটি।

অন্যদিকে শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ১৬ এবং দ্বিতীয় স্থানে থাকা শিকাগোর সংগ্রহ ১৩ পয়েন্ট। টানা ড্রয়ের কারণে শীর্ষে ওঠার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে মেসিদের ইন্টার মায়ামি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ