রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ১০

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ১০
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা জারির মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রবিবার বিকাল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়।

অন্যদিকে, একই সময় ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে সমাবেশের ঘোষণা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন বিকাল সাড়ে ৪টা থেকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪৪ ধারা উপেক্ষা করে উভয় পক্ষের নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুলিশের কয়েকজন সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তিনি জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে সরিয়ে দেয়। এতে সদর থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে কাউকে আটক করা হয়নি।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ