রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

যুক্তরাষ্ট্রে সিসিটিভিতে ধরা পড়ল প্রবাসী নারী হত্যার চরম দৃশ্য

যুক্তরাষ্ট্রে সিসিটিভিতে ধরা পড়ল প্রবাসী নারী হত্যার চরম দৃশ্য
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে ভয়াবহ এক হামলায় ইয়াসমিন চৌধুরী (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের ছোট বোন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ইয়াসমিন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এক যুবক হাতে থাকা ভারী হাতুড়ি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন এবং পরে মারা যান।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘাতকের পরনে ছিল লস অ্যাঞ্জেলেস লেকার্সের ২৪ নম্বর লেখা হলুদ জার্সি, পায়ে হলুদ জুতা এবং পিঠে একটি সাদা ব্যাগ। হাতে বড় একটি হাতুড়ি নিয়ে সে হঠাৎ করেই ইয়াসমিনের ওপর হামলে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই নির্মমভাবে আঘাত করতে থাকে।

ভিডিওর শেষ অংশে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় ইয়াসমিন দোকানের বাইরে লুটিয়ে পড়েন। ঘাতক তাকে নিথর অবস্থায় ফেলে শান্তভাবে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, ইয়াসমিনের মৃত্যুসংবাদ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নে পৌঁছালে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং পরিশ্রমী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এই হত্যাকাণ্ডে ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘাতককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রবাসী সংগঠনগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত করার কাজ চলছে। সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত হামলা হতে পারে। তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা প্রশ্নেও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ