পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠন দুটির নেতারা বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এছাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পালসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
একইভাবে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও জানান, তাদের উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে শুনেছেন এবং ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।
এই বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।