রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রায়পুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রায়পুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক সাংবাদিককে ফেসবুক পোস্ট ও লাইভ ভিডিওর মাধ্যমে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক তাবারক হোসেন আজাদ (৪৫)।

তিনি দৈনিক যুগান্তর-এর রায়পুর প্রতিনিধি এবং রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে কুৎসামূলক পোস্ট ও লাইভ ভিডিওতে হুমকি দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

অভিযোগে বলা হয়, রায়পুর পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা নুরুল আমিন ভুঁইয়া (৬৭), ওরফে দুলাল ভুঁইয়া, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি স্থানীয়ভাবে পৌর আওয়ামী লীগের নেতা এবং একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচিত। তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই আলোচনা-সমালোচনা চলছিল।

সাংবাদিক তাবারক হোসেন আজাদ জানান, “দীর্ঘদিন ধরে দুলাল ভুঁইয়ার বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। তিনি সন্দেহ করে আমার বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট করছেন এবং লাইভে এসে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “তার বিরুদ্ধে যে সব পোস্ট ছড়ানো হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য এসব করা হচ্ছে।”

অভিযোগের বিষয়ে নুরুল আমিন ভুঁইয়া বলেন, “ফেসবুকে ভুয়া আইডি থেকে আমার রাজনৈতিক বক্তব্য ও অডিও ছড়িয়ে সম্মানহানি করা হচ্ছে। আমি ধারণা করছি তাবারক হোসেন আজাদ এর সঙ্গে জড়িত। এজন্য আমি প্রতিক্রিয়া জানিয়েছি।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, অনলাইনে দায়ের করা জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য পুলিশ পরিদর্শক (তদন্ত)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ