লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় দুই ছাত্রদল নেতা আহত

লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন এবং উত্তর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আল-আমীন হোসেন রুদ্র। বর্তমানে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের অভিযোগ, বেলা ১১টার দিকে এমদাদুল হক ইমন দালাল বাজারের একটি তেলের দোকানে পেট্রোল কিনতে গেলে প্রতি লিটার ১৩০-১৪০ টাকা দাম দাবি করা হয়, যা সরকারের নির্ধারিত ১১৬ টাকার চেয়ে বেশি। এ নিয়ে দোকানদার তোফায়েল আহমেদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দোকানদারের ছেলে জিহাদ ও তার সহযোগীরা ইমনকে মারধর করে।
পরে খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে ছাত্রদল নেতা আল-আমীন হোসেন রুদ্রকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। এ সময় তাদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সদর উপজেলা (পশ্চিম) ছাত্রদলের সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান বলেন, অতিরিক্ত দামে তেল বিক্রির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ইমন ও রুদ্রের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে দোকানদার তোফায়েলের ছেলে জিহাদ বলেন, তারা নিয়ম মেনে তেল বিক্রি করছিলেন। ইমন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করলে উপস্থিত লোকজনের সঙ্গে তার ধাক্কাধাক্কি হতে পারে, তবে তাদের পক্ষ থেকে কোনো হামলা করা হয়নি।
এদিকে দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি একটি বৈঠকে ছিলেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে একজনকে উদ্ধার করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।