মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

অর্থ বরাদ্দের অভাবে থেমে গেল শিক্ষার্থীদের ট্রাফিক কার্যক্রম

অর্থ বরাদ্দের অভাবে থেমে গেল শিক্ষার্থীদের ট্রাফিক কার্যক্রম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম আপাতত বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় গত ১ মার্চ থেকে তাদের আর দায়িত্ব দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে অনুমতি এবং অর্থ বরাদ্দ—দুটিই চাওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বরাদ্দ বা অনুমোদন পাওয়া যায়নি। ফলে সাময়িকভাবে এই কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে শিক্ষার্থীদের আবার দায়িত্বে ফেরানো হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত করা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দৈনিক ভাতার ভিত্তিতে এসব শিক্ষার্থীকে ডিএমপির ট্রাফিক বিভাগের কাজে সম্পৃক্ত করা হয়।

প্রথমে ২০২৪ সালের ৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৪৬ জন শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন শুরু করেন। পরে ধাপে ধাপে এই সংখ্যা বাড়তে বাড়তে প্রায় এক হাজারে পৌঁছায়।

সর্বশেষ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ৮৯৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে দুই শিফটে দায়িত্ব পালন করছিলেন। তারা প্রতিদিন ৫০০ টাকা সম্মানীর ভিত্তিতে কাজ করতেন।

অন্তর্বর্তী সরকার তাদের চলতি বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি দিলেও অর্থ বরাদ্দ ছিল গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে মার্চের শুরু থেকেই তাদের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, শিক্ষার্থীদের ভাতা বাবদ অর্থ বরাদ্দের জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল। তবে এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তাই ১ মার্চ থেকে শিক্ষার্থীদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, জুন পর্যন্ত কাজ করার অনুমতি থাকলেও তার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অর্থ বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে আবার তাদের কাজে ডাকা হতে পারে বলে জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন