মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় সফল অস্ত্রোপচার; রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–এর মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা–এ তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
শুক্রবার রাতে মেডিকেল বোর্ড জানায়, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
এরপর তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।