মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে বাহরাইনে নিহত ১ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাহরাইনের মানামায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
জানা গেছে, শনিবার থেকে বিভিন্ন দেশে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার নিকটবর্তী একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং আরও দুইজন আহত হন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ তারেক (৪৮)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। ভোরের দিকে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে তিনি বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে অর্থ পাঠাতেন।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহত দুই বাংলাদেশির চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে।