নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে; প্রধানমন্ত্রী

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং আমাদের অবশ্যই এই সুযোগকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।” তিনি বলেন, বাংলাদেশের জনগণ বহু বছর সংগ্রাম করেছে, জীবন উৎসর্গ করেছে, নানা প্রকার অত্যাচার ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সেই সংগ্রামের প্রতিফলন আজ আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শক্তি অনুভব করছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আজকের এই ইফতার মাহফিলে শুধু জামায়াতে ইসলামী নয়, অন্যান্য রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণির সম্মানিত ব্যক্তিরাও উপস্থিত আছেন। এটি প্রতিফলিত করছে যে আমরা সবাই একত্রিত হয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই।”
তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান, আসুন আমরা আল্লাহর নিকট দোয়া করি, যাতে আমাদের সকল কার্যক্রম দেশের মানুষের কল্যাণে সফল হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন যাতে আমরা দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করতে পারি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে তাকে এই ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য জামায়াতে ইসলামী এবং দলের আমির ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন দেশের রাজনৈতিক ও সামাজিক সংহতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।