সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি) সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এই আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়ে দায়িত্বভার গ্রহণ করান।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পিএসও হিসেবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি বিভাগের নীতি-নির্ধারণ ও সামরিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই পদে তিনি সশস্ত্র বাহিনীর স্ট্র্যাটেজিক পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম এবং উচ্চপর্যায়ের সমন্বয় তদারকি করবেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান আজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব ও মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।