২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অমর একুশে পদক ও বইমেলা

আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকালবেলায় অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অনুষ্ঠান এবং বিকেলে উদ্বোধন করা হবে বইমেলা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
রাষ্ট্রীয়ভাবে আয়োজিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হয়।
বিকেলে ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা-র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলা দেশের প্রকাশনা শিল্প ও সাহিত্য অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন।
আয়োজকরা জানান, বইপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে বইমেলা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন থাকবে।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। একই দিন সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন তিনি।
অনুষ্ঠান দুটিকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।