দুই দফায় শপথ মঙ্গলবার: সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। নিরঙ্কুশ এই বিজয়ের মধ্য দিয়ে দলটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চলেছে।
নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শপথ নেবে নবনির্বাচিত সরকার।
দলীয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থাকবেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবারের শপথ অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি শপথের সময়সূচি ও আনুষঙ্গিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, মঙ্গলবার সকালে দুই দফায় শপথ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের আয়োজন রাখা হয়েছে।
মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, নিরাপত্তা ব্যবস্থা, দপ্তরসমূহকে সতর্ক রাখা এবং প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে ড. নাসিমুল গনি বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার ওপর বড় দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি অতীতের অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ নিষ্ঠা ও সক্ষমতা দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।