শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ ডিএমপি কমিশনারের, ‘গুজবের কোনো ভিত্তি নেই’

গত ছয় মাস ধরে নির্বাচন ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, কোথাও কোনো উদ্বেগ বা শঙ্কার পরিস্থিতি নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল নির্বাচন হবে না বা নানা সমস্যা তৈরি হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিনি বলেন, আজ আপনারাই দেখছেন, সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। কোনো বিশৃঙ্খলা নেই।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চেয়েছিলেন এবং বর্তমান পরিস্থিতি সেই লক্ষ্যেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর নাগরিকরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। নিজের ভোট প্রদান নিয়েও সন্তোষ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার ইতিবাচক বার্তা এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, টেলিভিশনে দেখলাম উভয় পক্ষই ফল যাই হোক তা মেনে নেওয়ার কথা বলছে। ভোট যখন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হচ্ছে, তখন ফলাফলও সবাই মেনে নেবে—এটাই স্বাভাবিক।
দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠু গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে শেখ সাজ্জাত আলী বলেন, সে সময় একই কেন্দ্রে ভোট দিতে এসে তিনি জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। তিনি জানান, গেট পার হয়ে ভেতরে যাওয়ার পর আমাকে বলা হয়েছিল, আপনার ভোট দেওয়া হয়েছে। এরপর আমি আর ভেতরে যাইনি, সেখান থেকেই ফিরে এসেছিলাম।