ভোটে বাধা বা কারচুপি কোনভাবেই চলবে না; ইসি সানাউল্লাহ

একমাত্র উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন — এমন দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সকালে থেকে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি জানান, ভোটে কোনো ধরনের বাধা বা কারচুপি সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজেও ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন ইসি সানাউল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।
এ সময় তিনি জানান, প্রথম এক ঘণ্টা প্রায় ১৫০ জনের বেশি ভোটার কেন্দ্রে ভোট দিয়েছেন। দেশের কোথাও ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার কোনো অভিযোগ কমিশনের কাছে আসেনি বলেও জানান তিনি। সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়ছে এবং সন্ধ্যার ফল অনেক অংশেই সন্তোষজনক হবে—এ আশাও ব্যক্ত করেন তিনি।
শহরাঞ্চলে ভোটাররা কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন—এটিকে একটি “অভ্যাস” হিসেবে উল্লেখ করে তিনি জানান, গ্রামাঞ্চলে সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু কেন্দ্রে নারীর ভোটারের উপস্থিতি পুরুষের তুলনায় বেশি, যা তিনি উৎসাহব্যঞ্জক হিসেবে ব্যাখ্যা করেন।
ভোটার তালিকায় নাম না থাকা বা অন্যান্য কারিগরি সমস্যার বিষয়ে সানাউল্লাহ বলেন, “হাজারে একটি টেকনিক্যাল গ্লিচ হতে পারে,” এবং ডিজিটাল মাইগ্রেশন সমস্যা থাকলে তা ডাবল চেক করার সুযোগ রয়েছে।
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে কঠোর অবস্থান নেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, “কোনো অসাধু উদ্দেশ্যে ভোট কেনার চেষ্টা করলে কাউকেও ছাড় দেওয়া হবে না,” এবং এ ধরনের লেনদেনের ঘটনায় অভিযুক্তদের আটক হওয়া ভালো লক্ষণ হিসেবে উল্লেখ করেন। আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথ বাহিনী বিষয়টিতে তৎপর রয়েছে বলেও তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ বা ভুল তথ্যের অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ এবং নির্বাচন কমিশন ভুল তথ্য প্রতিরোধে কাজ করছে। তবে রাজনৈতিক অধিকার ও জনউদ্দীপনা বিবেচনায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়নি। এ ক্ষেত্রে তিনি মূলধারায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে আসা এই কমিশনার মন্তব্য করেন, “ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য” এবং এখনও পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণ সুশৃঙ্খলভাবে চলছে বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন।