মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টেকনোলজি অনুষদের ডীন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য নুরুল আলম মফিজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলতাফ হোসেন চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় সুনাম বয়ে আনবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট শিক্ষক কামাল হোসেনের নেতৃত্বে মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট দল প্রধান অতিথিকে স্কাউট সম্মাননা প্রদান করে।
ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের বিপিএড শিক্ষক জমির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ উল্লাহ শাহ।