মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

সোমবারের মধ্যে নিশ্চিত করতে হবে হজযাত্রীদের বিমান টিকিট: মন্ত্রণালয়

সোমবারের মধ্যে নিশ্চিত করতে হবে হজযাত্রীদের বিমান টিকিট: মন্ত্রণালয়
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করার লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী সোমবার (১৯ জানুয়ারি) মধ্যে হজযাত্রীদের সকল বিমান টিকিট নিশ্চিত (কনফার্ম) করতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এয়ারলাইন্সগুলোকে হজযাত্রীদের সুবিধার জন্য যথাসম্ভব দ্রুত এবং নির্ভুলভাবে টিকিট নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য যেকোনো ধরণের সমস্যার অবিলম্বে সমাধান করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ২০২৬ সালের হজ যাত্রার সময়সূচি নির্ধারিত সময় অনুযায়ী বজায় রাখা সম্ভব হবে।

এছাড়াও, মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপদ, সুষ্ঠু ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য বিমান এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা ও সমন্বয় বজায় রাখার তাগিদ দিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬ সালে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজের ঘোষিত সৌদি রোডম্যাপ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ফ্লাইট শিডিউল এরইমধ্যে এয়ারলাইন্সগুলোর হজ পোর্টালে আপলোড করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, হজ এজেন্সিগুলো মক্কা-মদিনায় বাড়ি ভাড়া চুক্তির প্রয়োজনে এয়ারলাইন্সগুলোর কাছে বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট দাখিল করছে। এসব রিকোয়েস্ট দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিনটি এয়ারলাইন্সকে নিশ্চিত (কনফার্ম) করতে হবে।

সৌদি নির্দেশনা অনুযায়ী, এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে গমন করবে। এছাড়া একই এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর ব্যবস্থা নিতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ কোন পর্যায়েই ৩০ বা এর কম এবং ৫০ শতাংশের বেশি একটি এজেন্সির অনুকূলে টিকিট ইস্যু করা যাবে না।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় হজযাত্রীদের বাড়ি ভাড়া (বিশেষত মদিনা) চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোর দাখিল করার বিমান টিকিটের চাহিদা বা রিকোয়েস্ট নির্দেশনা অনুযায়ী এয়ারলাইন্সগুলো পারস্পারিক সমন্বয়ের ভিত্তিতে আগামী ১৯ জানুয়ারির (সোমবার) মধ্যে নিশ্চিত করে (কনফার্ম) এ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট এজেন্সিকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন