বাংলাদেশের কল্যাণে খালেদা জিয়ার আদর্শ ধারণ জরুরি: আসিফ নজরুল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ ধারণ করতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভাটি আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার স্মরণে।
আসিফ নজরুল বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তার জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। সে সময় তিনি বারবার বলতেন—খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন, খালেদা জিয়া এখন ভালো আছেন। তবে প্রশ্ন হলো—বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? তার মতে, বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালো রাখতে হলে খালেদা জিয়ার আদর্শ ধারণ করা প্রয়োজন।
খালেদা জিয়ার ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরে তিনি বলেন, তিনি ছিলেন সৎ, দৃঢ়চেতা, আত্মত্যাগী ও গভীর দেশপ্রেমিক। তার মধ্যে রুচিবোধের একটি অনন্য প্রকাশ ছিল এবং তিনি ছিলেন পরমতসহিষ্ণু। এসব গুণাবলিই তাকে বাংলাদেশের রাজনীতিতে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসিফ নজরুল বলেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আজ মানুষ মুক্তভাবে খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারছে। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভালোবাসা প্রকাশ করতে পারছে, একই সঙ্গে ঘৃণাও প্রকাশ করতে পারছে।
তিনি মন্তব্য করেন, ইতিহাসের বিচারে একজন নেত্রী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, আর আরেকজনের স্থান হয়েছে বিতাড়িত ভূমিতে।
শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।