মানসিক চাপ ও ব্যর্থতা মোকাবিলায় ‘দ্য ইনার ওয়ার্ক’

জনপ্রিয় আত্মউন্নয়ন গ্রন্থ ‘দ্য ইনার ওয়ার্ক’ থেকে আজ আলোচনা করা হবে কিছু মূল শিক্ষণীয় দিক, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে। বইটি মূলত শিখায় কীভাবে মানসিক চাপ, অহংবোধ এবং ব্যর্থতা মোকাবিলা করে নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন সম্ভব।
১. 'ক্লোকিং' বা দমবন্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ:
চাপের মুখে অনেক সময় দক্ষ খেলোয়াড় বা পেশাজীবীরাও ভুল করে বসেন। যখন আমরা কোনো কাজে অতিরিক্ত চাপ নিয়ে ফেলি, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা হারায়। তাই চাপ না নিয়ে রিলাক্স থাকুন৷ ধরা যাক চাকরির ভাইভা বোর্ডে আপনি বসেছেন৷ আপনার মনে যদি থাকে, চাকরিটা আপনার পেতেই হবে, যে কোনো মূল্যে ভাইভাতে ভালো করা লাগবে, আপনি জেনে রাখুন ওই চাকরি আপনার হবে না। কারণ আপনার ভাইভা ভালো হবে না। আপনি চাপের মধ্যে আছেন। প্রশ্নের উত্তর সঠিকভাবে আপনি দিতেই পারবেন না৷ নার্ভাস হয়ে যাবেন, কথা এলোমেলো হয়ে যাবে৷
অথচ আপনি যদি 'চাকরি হবে না' ভেবে বোর্ডে ঢোকেন, দেখবেন কী দারুণ পারফরম্যান্স আপনার! কারণ আপনার মাথায় চাকরি পাওয়ার চাপ নেই৷ দিলে দিক, না দিলে না দিক। আপনার মতো আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেবেন সাবলীলভাবে। চাকরিটা আপনার হওয়ার সম্ভাবনাই বেশি৷ কারণ আপনি চাপ নেননি। আপনার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করেছে৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই রিলাক্সড থাকবেন, পরিস্থিতি যা হোক, অতিরিক্ত চাপ নেবেন না। চাপ নিলেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে৷ সমস্যার সমাধান হবে না। রিলাক্স থাকুন। দেখবেন সমাধান বের হয়েছে কতটা সহজে।
২. ইগো বা অহংবোধের প্রভাব:
'ইগো' আমাদের শেখার ক্ষমতা কমিয়ে দেয়। নিজেকে সবসময় 'সেরা' প্রমাণ করার চেষ্টা না করে, একজন 'শিক্ষার্থী' হিসেবে ভাবুন। ভুল স্বীকার করার মানসিকতা আপনার উন্নতির পথ প্রশস্ত করে।
৩. গ্রোথ মাইন্ডসেট:
সাফল্য কোনো স্থায়ী বিষয় নয়, বরং এটি নিরন্তর প্রচেষ্টার ফল। নিজের দক্ষতাকে স্থিতিশীল মনে করবেন না। বিশ্বাস করুন যে কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাসের মাধ্যমে যেকোনো সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব।
৪. ব্যর্থতাকে আলিঙ্গন করা:
ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি পরবর্তী ধাপে যাওয়ার একটি তথ্য বা ডেটা।
কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে বিশ্লেষণ করুন কেন এমন হলো। এই বিশ্লেষণই আপনাকে ভবিষ্যতে নিখুঁত হতে সাহায্য করবে।
৫. বর্তমান মুহূর্তে থাকা:
ভবিষ্যতের ফলাফল বা অতীতের ভুল নিয়ে ভাবলে বর্তমানের কাজে ব্যাঘাত ঘটে।
আপনার নিয়ন্ত্রণে যা আছে (যেমন: আপনার চেষ্টা বা মনোযোগ), কেবল সেটুকুর ওপর দৃষ্টি দিন। ফলাফলের দুশ্চিন্তা আপনার পারফরম্যান্স কমিয়ে দেয়।
৬. উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পাওয়া:
আপনি কেন কাজটি করছেন, তার একটি গভীর উদ্দেশ্য থাকা প্রয়োজন।
কেবল টাকা বা স্বীকৃতির জন্য কাজ না করে, কাজের পেছনের বৃহত্তর উদ্দেশ্যটি খুঁজুন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী অনুপ্রেরণা জোগাবে।
'দ্য ইনার ওয়ার্ক' আমাদের শেখায় যে বাইরের জগতের লড়াই জেতার আগে নিজের ভেতরের লড়াইটা জেতা জরুরি। যখন আপনি আপনার চিন্তাভাবনা এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, বাইরের সাফল্য তখন সময়ের ব্যাপার মাত্র।