বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লোক বদলালেই পরিবর্তন নয়, রাষ্ট্রীয় সিস্টেম সংস্কার জরুরি: তথ্য উপদেষ্টা

লোক বদলালেই পরিবর্তন নয়, রাষ্ট্রীয় সিস্টেম সংস্কার জরুরি: তথ্য উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেবল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে দেশ বদলানো সম্ভব নয়; রাষ্ট্র পরিচালনার পুরো সিস্টেম পরিবর্তন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি স্পষ্ট করে বলেন, যারা আগুন দেয়, ককটেল বিস্ফোরণ ঘটায়—তারা সবাই আমাদের অভিন্ন প্রতিপক্ষ। তাদের রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো পরিবর্তন আনা যায় না।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় হেলিকপ্টার ব্যবহার বা কাঁদানে গ্যাস প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে ওই পরিস্থিতিতে এসব ব্যবস্থার কোনো সুযোগ ছিল না। বাতাসের কারণে হেলিকপ্টার ব্যবহার করলে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করলেও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। সে সময় একমাত্র লক্ষ্য ছিল আটকে পড়া ২৮ জন সাংবাদিককে নিরাপদে উদ্ধার করা।

তিনি জানান, প্রথম দফায় আগুন নিয়ন্ত্রণে এলেও দ্বিতীয় দফার আগুনে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় ভোর ৪টা ৩৭ মিনিটে ছাদ থেকে সবাইকে নিরাপদে নামানো সম্ভব হয়।

রিজওয়ানা হাসান বলেন, সরকার হিসেবে এ ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। এটি আমাদের প্রত্যাশার বাইরে ছিল এবং আমরা সত্যিই মর্মাহত। প্রো-অ্যাকটিভ না হতে পারায় যেমন গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি সরকারেরও ক্ষতি কম হয়নি।

তিনি আরও বলেন, ভিন্ন মত থাকলে তার জবাব ভিন্ন মত দিয়েই দিতে হবে। কোনো গণমাধ্যম বা প্রতিষ্ঠানে আগুন দিয়ে সমস্যার সমাধান করা যায় না। গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যম অবিচ্ছিন্নভাবে জড়িত।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় প্রথম আলো, ডেইলি স্টার, নিউ এজসহ বিভিন্ন গণমাধ্যম আন্দোলনের খবর প্রকাশ করেছে এবং টেলিভিশনে চ্যানেল টুয়েন্টিফোর ও যমুনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তথ্য উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক মতাদর্শ পেশাগত দায়িত্বে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। যারাই ভয়ভীতি প্রদর্শন করছে, তারাই আমাদের কমন শত্রু। তিনি জানান, তার নিজের বাসার সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পুরোপুরি ভেঙে পড়া একটি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়েই বর্তমান সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে। এই সরকার মূলত একটি বড় সংকট ব্যবস্থাপনার মধ্য দিয়ে কাজ করছে। তবে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন