ডিএসই ও সিএসইতে শেয়ারের দরবৃদ্ধি, লেনদেন কমেছে

দেশের উভয় পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ ডিসেম্বর) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন করেছে। দুই এক্সচেঞ্জের সব সূচক বৃদ্ধি পেয়েছে, যদিও লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দর বেড়েছে, ১২৬টির দর কমেছে এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪,৮৮৪ পয়েন্টে উঠেছে। অন্য সূচকগুলো—ডিএসই শরিয়াহ (ডিএসইএস) ৬ পয়েন্ট বেড়ে ১,০০৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১,৮৮৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
ডিএসইতে বুধবার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার, যা গতকালের ৪০৭ কোটি ৪১ লাখ টাকার তুলনায় ৬৯ কোটি ৩১ লাখ টাকা কম।
অপর পুঁজিবাজার সিএসইতেও সব সূচক বৃদ্ধি পেয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে ১৩,৬৪৩ পয়েন্টে, প্রধান সূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮,৪১০ পয়েন্টে অবস্থান নিয়েছে। বুধবার সিএসইতে ১৬৭টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে; এর মধ্যে ৬৯টির দর বেড়েছে, ৭৩টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকার, যা গতকালের ১৬ কোটি ৪৩ লাখ টাকার তুলনায় ১০ কোটি ৯১ লাখ টাকা কম।