সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে। এতে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কিভাবে তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করবেন—সেবিষয়ে নির্দেশনা থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর) পুলিশ প্রধান উপদেষ্টা তাদের প্রেস উইংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, গণঅভ্যুত্থান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।
প্রধান সন্দেহভাজন যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, তাই সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এই ব্যক্তি গত কয়েক বছরে একাধিক দেশে ভ্রমণ করেছেন; সর্বশেষ ২১ জুলাই সিঙ্গাপুরে যাত্রার তথ্য রয়েছে। হামলায় জড়িত আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।
এর পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে অবহিত করেছে, যাতে ভারতে অবস্থানরত পলাতকদের কার্যক্রম বন্ধ ও বাংলাদেশে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হয়।