বায়তুল মোকাররম নতুন রূপে, প্রকল্পে ব্যয় ১৯৯ কোটি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে আরও আধুনিক ও দর্শনীয় করে তোলার জন্য নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, এটি জাতীয় মসজিদ উন্নয়নের সর্ববৃহৎ উদ্যোগ।
উপদেষ্টা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধি, আধুনিকায়ন এবং সার্বিক উন্নয়ন। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এটি মসজিদকে আধুনিক স্থাপত্য ও সুবিধাসম্পন্ন একটি স্থান হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
রবিবার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এরই মধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো ঠিক রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা এবং বহিরাঙ্গণে আচ্ছাদিত করা হবে, অফিস ভবন ও মিনার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘আমরা যথা দ্রুত সম্ভব এ প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাআল্লাহ। সরকার তথা ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে।
আমরা সবার সহযোগিতা চাই, পরামর্শ চাই। বিশেষ করে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করব।’
তিনি আরো বলেন, ‘আমরা যত্রতত্র নোংরা-আবর্জনা ফেলব না, আমরা ডাস্টবিন ব্যবহার করব। মসজিদের অজুখানা ও টয়লেট নিজে ব্যবহার করব এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হবো।