অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে নির্দেশ

সচিবালয়ে অস্বাভাবিক ভিড় ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অপরিচিত ও অযাচিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শুধুমাত্র যাচাইকৃত ও অনুমোদিত ব্যক্তিদের জন্যই প্রবেশপত্র (পাস) ইস্যু করা হবে। কোনোভাবেই অপরিচিত ব্যক্তিদের নামে প্রবেশপত্র প্রদান করা যাবে না।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, সচিবালয়ের নিরাপত্তা এবং কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রবেশপত্রের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। নির্দেশনা অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।
সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন।
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।
এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় চিঠিতে।