বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নির্বাচনের পর ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু: ধর্ম উপদেষ্টা

নির্বাচনের পর ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আগামী বছরের বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে ইজতেমা আয়োজন করা হবে।”

উপদেষ্টা আরও জানান, আয়োজনটি স্বাভাবিকভাবেই বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন করে। তিনি সকল ধর্মপ্রাণ মানুষকে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ইজতেমা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে শান্তি, ঐক্য এবং সহযোগিতার বার্তা বহন করে। সরকার এ আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।”

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, যেহেতু সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার বিষয় আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইজতেমা হবে নির্বাচনের পর।

ইজতেমা পেছানোর বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এত বড় একটা সমাবেশ, যেখানে বিদেশি মেহমানরাও থাকেন। এই ঝুঁকিটা সরকারের জন্য নেওয়া উচিত হবে না মনে করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে তাবলিগ জামাতের উভয়পক্ষ তিন উপদেষ্টার সামনে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে হয়, এরপর রমজানে তো আর হচ্ছে না, হয়তো রমজানের পর (ইজতেমা) হবে। তবে দুপক্ষ কবে ইজতেমা করবে, সে সিদ্ধান্ত দুপক্ষের সঙ্গে বসে নিতে হবে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে।

দুপক্ষ আলাদাভাবে ইজতেমা করবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ইজতেমা একসঙ্গে হওয়ার সুযোগ নেই, আলাদা আলাদাই হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। যদি এ রকম কোনো পরিস্থিতি দেখা দেয়, তবে আমরা আবার বসব, কথা বলব—কী করা যায় তখন দেখব। নির্বাচন সঠিক সময়ে হবে, সেভাবেই আমরা এগোচ্ছি।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন