নির্বাচনে ব্যর্থ হলে দায় ইউনূস সরকারের : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, “ড. ইউনূস, আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। যেসব নির্বাচনী সংস্কার জরুরি, সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন পরিচালনা করুন। গ্রহণযোগ্য নির্বাচন থেকে যে সংসদ গঠিত হবে, সেই সংসদই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে।”
তিনি আরও সতর্ক করেছেন, “যদি এই সীমার বাইরে গিয়ে নির্বাচনে ব্যত্যয় ঘটে, তবে এর দায়দায়িত্ব নিতে হবে ড. ইউনূস সরকারের।” মির্জা ফখরুলের বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে রাজনৈতিক মহলে জোরালো প্রভাব পড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (মঙ্গলবার) জুলাই সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।’
মির্জা ফখরুল বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা সেখানে বাস্তবায়ন করা হবে।’
নির্বাচন যত দেরিতে হচ্ছে, ফ্যাসিবাদ তত শক্তিশালী হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘যারা অ্যানার্কি (নৈরাজ্য) দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে।’