শাপলা প্রতীক না থাকায় এনসিপির জন্য বরাদ্দ হবে নতুন প্রতীক: ইসি সচিব

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। তবে, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না—ইসি স্ববিবেচনায় দলকে অন্য একটি প্রতীক বরাদ্দ করে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করবে।
সচিব আরও বলেন, এই পদক্ষেপ নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখার অংশ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। এনসিপি আগামী নির্বাচনে তাদের বরাদ্দকৃত নতুন প্রতীক ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছানোর প্রস্তুতি নিতে পারবে।
সোমবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ইসিসচিব বলেন, গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি।
এ সময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসিসচিব।