ইসি’র চূড়ান্ত প্রস্তুতি শেষ, আজ ভোটকেন্দ্রের ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (রোববার) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ যাচাই-বাছাই ও সংশোধন প্রক্রিয়া শেষে এই তালিকা আজ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে জানা গেছে, দেশের সব আসনে ভোটারদের সুবিধা বিবেচনায় রেখে নতুন কিছু ভোটকেন্দ্র সংযোজন এবং অপ্রয়োজনীয় কিছু কেন্দ্র অপসারণ করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে নতুন বুথ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীদের প্রচারণা ও ভোটগ্রহণ প্রস্তুতি আরও গতিশীল হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ের সব প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন বলে জানিয়েছে ইসি।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল সেটাও করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ব্রিফ করে দেব।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেন, দল নিবন্ধনের বিষয়ে অগ্রগতি নিয়ে মাঠপর্যায় থেকে কিছু বাড়তি তথ্য এসেছে। এটা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভেতরে করে দেব। কারণ, আমাদেরও একটা দায় আছে। আমাদের দিক থেকে তাগিদ আছে।
নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি: ইসি সচিব
এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা পরে জানাব।
ইসি সচিব বলেন, পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে বিষয়টি এমন নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কিছু বিষয় আগে করা হয়েছে, আর কিছু কিছু বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। সময় অনুযায়ী দিনক্ষণ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।