ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন এ মৃত্যুর ঘটনায় চলতি বছরে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৩ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩৮১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৭৬২ জন রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজারের বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এখনো বৃষ্টিপাত ও তাপমাত্রা ডেঙ্গু প্রজননের উপযোগী থাকায় সংক্রমণ ঝুঁকি পুরোপুরি কমেনি। তারা নিয়মিত মশা নিধন ও জমে থাকা পানি অপসারণের ওপর জোর দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৮৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২১, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৫৬ জন করে মোট ১১২ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৩ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২৯ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।